প্রস্তাবনা

আবদুল খালেক বেপারী। ৬০-এর দশকে তিনি ছিলেন শরীয়তপুর জেলার ভেদরগঞ্জ উপজেলার একজন সুপরিচিত ও সজ্জন ব্যক্তি। তাঁর পুত্র-কন্যাগণও উক্ত এলাকায় অত্যন্ত সুপরিচিত ও সম্মানিত। দীর্ঘদিন তাঁরা যৌথ পরিবারে সুখে-শান্তিতে, সুনামের সাথে বসবাস করেছেন। কিন্তু তাঁর ৩য় প্রজন্ম মানে আমরা চাকরি বা ব্যবসা-বাণিজ্যের কারণে রয়েছি বিচ্ছিন্ন। কখনো কখনো দুই বছরেও একবার দেখা হয় না। অথচ আমাদের শৈশব ছিল বড়ই আনন্দময়। কোন উৎসবে যখন একত্রিত হয়েছি তখন সেখানে আনন্দের বন্যা বয়ে গেছে। জনাব আবদুল খালেক বেপারী সাহেবের ৪র্থ প্রজন্ম, মানে আমাদের পুত্র-কন্যাদের অবস্থা বড়ই বেদনাদায়ক। তাদের অবস্থা এমন হয়েছে যে একে-অপরের নাম বা কার সাথে কী সম্পর্ক তাও ঠিকমতো বলতে পারে না। এজন্য দায়ী আমরাই। তাই নতুন কিছু চিন্তা করার সময় হয়েছে। যা আমরা হারিয়েছি তা, পারিবারিক বন্ধন, আমরা পূনরায় প্রতিষ্ঠা করতে চাই। জনাব আবদুল খালেক বেপারী সাহেবকে আমরা অনেকেই দেখি নাই। তবে তাঁর শিক্ষা, আত্মীয়-স্বজন মিলে-মিশে থাকা, এটা উত্তরাধীকার সূত্রে শিখেছি। তাঁর এই শিক্ষার প্রতি সম্মান দেখিয়ে, তাঁর স্মৃতিকে প্রজন্ম-পর-প্রজন্ম বয়ে নিয়ে যাওয়ার জন্য আমরা সংগঠিত হতে চাই তাঁর নামে একটি ফাউণ্ডেশন প্রতিষ্ঠার মাধ্যমে। যা আমাদের আবার পারিবারিক বন্ধনে আবদ্ধ করতে সাহায্য করবে। সংগঠনটির নাম হবে আবদুল খালেক ফাউণ্ডেশন।